ইলেকট্রিক রেলের জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে রেলের চুক্তি

১৬ জুলাই, ২০২৩ ১৯:২৬  

ইলেক্ট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলের জন্য ট্রাকশন নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম এবং টঙ্গি থেকে জয়দেবপুর অংশের কাজ করার জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানিকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (১৬ জুলাই) বিকেলে রেলভবনের সভাকক্ষে এই চুক্তি হয়। রেলমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে চিফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. হাবিবুর রহমান এবং তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানির পক্ষে ইসমাইল হায়দারলি চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যুগোপযোগী করার জন্য রেলে ইলেক্ট্রিসিটি ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও পরিবেশবান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তার অংশ হিসেবেই ইলেক্ট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলের জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানির সাথে আজকের এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

তিনি বলেন, চুক্তির মাধ্যমে তাদের যে দায়িত্ব দেওয়া হলো, তারা নিদিষ্ট সময়ের মধ্যে তা শেষ করবেন বলে আশা করছি। ইউরোপসহ পৃথিবীর প্রায় সব দেশে রেলে গ্যাস ও ইলেক্ট্রিসিটি ব্যবহার হচ্ছে। এতে কার্বন নির্গমন হয় না, এটি পরিবেশ বান্ধব। তাই প্রথমবারের মতো বাংলাদেশে ইলেক্ট্রিসিটি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।